আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। তা ছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তার ফলে সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।